বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুরুলিয়া গ্রামে অভিযান, জব্দ চার পিস ইয়াবা
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘ক’ সার্কেলের জেলা কার্যালয়ের সদস্যদের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে মাদক সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ দণ্ড দেন। এ সময় তাঁদের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জব্দ করা ইয়াবা জনসম্মুখে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মো. ইন্তেজার জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







