বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

বগুড়ায় ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, বগুড়া:

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৮:০৭

শেয়ার

বগুড়ায় ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার
ছবি সংগৃহীত

বগুড়ায় ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মোছা. কুলসুম বেগম (৩৮) ও তাঁর ছেলে মো. আব্দুল কাইয়ুম লাম (১৯)। কুলসুম বেগমের স্বামী মো. লিটন শেখ।

ছাদের মুরগির শেডে মিলেছে ট্যাবলেট

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে লিটনের একতলা বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে কুলসুম বেগম ও তাঁর ছেলে কাইয়ুম লামকে গ্রেপ্তার করা হয়।

পরে বাড়ির ছাদে তৈরি অস্থায়ী মুরগির শেডে তল্লাশি চালিয়ে কুলসুম বেগমের হেফাজত থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার দুজনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।