বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

সাভারে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে পোশাকশ্রমিক সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

মাসুদ রানা,সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯

শেয়ার

সাভারে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে পোশাকশ্রমিক সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গত ৪ নভেম্বর সাভারে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে মিরপুর থেকে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সংগঠনটির সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়েছে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, তাঁরা সহিংসতায় উসকানি দিচ্ছিলেন এবং তাঁদের সংগঠনের সদস্যরা আমাদের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত ছিলেন।’

জিবিজিডব্লিউএফের দাবি, সুলতানা বেগম সংগঠনটির কার্যালয়ে পোশাকশ্রমিকদের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন।

সংগঠনটি জানিয়েছে, এরপর নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে ও ইলিয়াসকে কার্যালয় থেকে নিয়ে যান।