ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে পাচারের সময় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়ে যায় এক পাচারকারী। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আলীনগর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।
বুধবার (১৮ নভেম্বর) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৪/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহলদল। এ সময় ভারত থেকে বাংলাদেশের দিকে আসা এক ব্যক্তিকে গামছায় মোড়ানো দুটি প্যাকেট হাতে নিয়ে আসতে দেখে তাকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি প্যাকেট দুটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া প্যাকেট দুটি তল্লাশি করে কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দ করা ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়কে অবহিত করে পরবর্তী সময়ে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, তাদের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







