বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

মেহেরপুরে দুই স্থান থেকে ৬টি ককটেল উদ্ধার, মিলেছে জয় বাংলা লেখা চিরকুট

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৬:২১

শেয়ার

মেহেরপুরে দুই স্থান থেকে ৬টি ককটেল উদ্ধার, মিলেছে জয় বাংলা লেখা চিরকুট
ছবি বাংলা এডিশন

মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। ককটেলগুলোর সঙ্গে জয় বাংলা লেখা চিরকুটও পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি এবং বুধবার (১৮ নভেম্বর) ভোরে বোলতলা ব্রিজের ওপর থেকে আরও তিনটি ককটেল উদ্ধার করা হয়।

মার্কেটের সামনে পাওয়া যায় চিরকুট

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন তাঁরা। ককটেলগুলোর সঙ্গে সাদা কাগজে জয় বাংলা লেখা একটি চিরকুট লাগানো ছিল।

খবর পেয়ে তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্প ও গাংনী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেল ও চিরকুট উদ্ধার করেন।

ব্রিজের ওপর থেকে উদ্ধার আরও তিনটি

অন্যদিকে, বুধবার ভোরে গ্রামের বোলতলা ব্রিজের ওপর তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানান, নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর উদ্দেশ্যে ককটেলগুলো রাখা হয়েছে। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান চালাচ্ছে।