মাগুরার মহম্মদপুরে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-বালিদিয়া সড়কের পাশে মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি রাশমিতার বলে শনাক্ত করেন।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর এলাকায় মায়ের কোল থেকে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের অভিযোগ, মাকে অচেতন করে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার পর থেকেই শিশুটিকে উদ্ধারে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। তবে নিখোঁজের এক দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
এদিকে, কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং এ ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:







