বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বড়াইদহ ও উলিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম এবং পৌরসভার ১নং ওয়ার্ডের উলিপুর এলাকার লিটন সরকারের ছেলে নায়মুল হক সুমন।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নং-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬, জিআর নং-৩২৭-এর মামলায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৯(৩)/১০/১১/১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
বুধবার রাত ২টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উলিপুর থেকে নায়মুল হক সুমনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামে জাহাঙ্গীর আলমের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করেন শেরপুর থানার এসআই (নিঃ) তোফাজ্জল হোসেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:







