পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া একটি বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘লিসা’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:







