বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকাসহ চার জেলার শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১১:১৬

শেয়ার

ঢাকাসহ চার জেলার শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি সংগৃহীত

ঢাকাসহ চার জেলার শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা ও গাজীপুরে ৩৫ প্লাটুন

বিজিবির বার্তায় বলা হয়, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর মধ্যে আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি।

নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৯ প্লাটুন

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন।

সদর দপ্তর থেকে নজরদারি

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মনিটরিং সেলের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রমের সমন্বয়ও করা হচ্ছে।