বুধবার

১৮ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে বিএনপি এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২৩:৩০

শেয়ার

গোপালগঞ্জে বিএনপি এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ
ছবি সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়া হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলার শিকার হয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। ওই আসামিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় থানা ঘেরাও করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

জিলানীর বাড়িতেও আগুন

থানায় হামলা ও অগ্নিসংযোগের কিছুক্ষণ পর ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন। এ সময় এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।

থানার ভেতরে অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় তাদের জয় বাংলা স্লোগান দিতেও শোনা যায়।