খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
মঙ্গলবার সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকার মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়।
উদ্ধার হওয়া অস্ত্র ও মোবাইল ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬)-এর বলে ধারণা করছে অভিযান পরিচালনাকারী দল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
পলাতক সিজান পশ্চিম টুটপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহজাহান সিকদার।
এসআরবি-৬ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক সিজানের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও মোবাইল ফোন পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
পলাতক সিজানকে আটক এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন:







