টাঙ্গাইলের ভূঞাপুরে এক বীর মুক্তিযোদ্ধার জমি আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে তুলা শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
গত শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তুলা শেখ কয়েড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জমির দাবিদার সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ভুক্তভোগী আবুল কালাম আজাদ।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় নেতা তুলা শেখ কয়েড়া মৌজার ২৮৩ এবং ৭৮৯ খতিয়ানের ৩২৯৫ দাগের ৩৮ শতাংশ আবাদি জমির মালিকানা দাবি করে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন। ইতিমধ্যে এনিয়ে আদালতে বাটোয়ারা মামলা হয়েছে এবং বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশে হয়। এতে গ্রাম্য সালিশ ভুক্তভোগীর পক্ষে রায় দিলেও তা মানতে নারাজ প্রতিপক্ষরা। পরবর্তীতে সালিশদার উভয়পক্ষকে জমিতে যেতে নিষেধ করলেও তা মানেননি প্রতিপক্ষ তুলা শেখ ও তার লোকজন।
এরই জেরে গত শুক্রবার ১৪ নভেম্বর সকালে ওই নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা তুলা শেখ তার দলবল নিয়ে বীর মুক্তিযোদ্ধার পাকা ধান কেটে নেন। এতে ভুক্তভোগী প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হন দাবি করেছেন অভিযোগে।
অভিযোগে আরও বলা হয়েছে, জমির ধান কাটাকে কেন্দ্র করে যুবলীগ নেতা তুলা শেখ তার ভাই-ভাতিজারা ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে নানা হুমকি দিয়ে আসছে। এনিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ধানকাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, এই জমিটি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের। তিনিই ভোগ-দখলে রয়েছেন। যারা তার জমির ধান কেটে নিয়েছেন তারা জমির কেউ না। এভাবে একজন বীর মুক্তিযোদ্ধার আধাপাকা জমির কেটে নেয়ার বিষয়টি খুব দুঃখজনক। এটির সুষ্ঠু সমাধান দরকার।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, জমিটি তার পৈত্রিক সম্পত্তি। জমিটি তিনিই ভোগ-দখল করে আসছেন। কিন্তু তাদের প্রতিপক্ষ তুলা জমিটি নিজের বলে মালিকানা দাবি করে জোরপূর্বক জবরদখলের পায়তারা করছে। ইতিমধ্যে ওরা দলবল নিয়ে জমির আধাধান কেটে নিয়ে গেছে। এর প্রতিবাদ করতে গেলেও নানা হুমকি-দামকি দিচ্ছেন।
তাই প্রতিকার চেয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি তার।
অন্যদিকে তুলা শেখ দাবি করে বলেন, জমিটি তাদের দাদির সম্পত্তি। আবুল কালাম আজাদ তাদের অংশ বুঝিয়ে দিচ্ছেন না। দীর্ঘদিন সে নানা তালবাহানা করে আসছে। এ নিয়ে আদালতে বাটোয়ারা মামলা হয়েছে এবং গ্রাম্য সালিশে কোনো সমাধান হয়নি। তার নিজের অংশের ধানই তিনি কেটেছেন।
এ ব্যাপারে কয়েড়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু বলেন, তুলা আওয়ামী লীগ করে। বীর মুক্তিযোদ্ধার ধান কেটে নেয়ার ব্যাপারে তিনি অবগত রয়েছেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:







