মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী; বললেন ‘ভয়ে পালিয়ে ছিলাম'

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪৩

আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪৫

শেয়ার

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী; বললেন ‘ভয়ে পালিয়ে ছিলাম'
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত মেহেদী হাসানের (৩১) মরদেহ অবশেষে ৩৬ ঘণ্টা পর নিতে এসেছেন তাঁর স্ত্রী মীম আক্তার। ঘটনার পর নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে পরিবারের কেউ মরদেহ নিতে সাহস না পাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মেহেদীর মরদেহ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গিয়ে মরদেহ গ্রহণের প্রক্রিয়া শুরু করেন তাঁর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মর্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য আমিনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মুজিব মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হন নগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান। এ ঘটনার পরদিন সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে উত্তেজিত জনতার হামলায় গুরুতর আহত হন মেহেদী হাসান। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুরুজ জামানের মরদেহ তাঁর পরিবারের সদস্যরা নিয়ে গেলেও আতঙ্কের কারণে মেহেদীর মরদেহ নিতে আসেননি তাঁর পরিবারের সদস্য কিংবা আত্মীয়স্বজন। ফলে প্রায় ৩৬ ঘণ্টা হাসপাতালের মর্গে পড়ে থাকে মরদেহটি। পরে মঙ্গলবার দুপুরে কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে স্বামীর মরদেহ নিতে হাসপাতালে পৌঁছান মীম আক্তার।

এ সময় কান্নায় ভেঙে পড়ে মীম আক্তার বলেন, আমার তো সব শেষ হয়ে গেছে। আমি শুধু স্বামীর মরদেহ দাফন-কাফন করে একমুঠো মাটি দিতে চাই। আমার একটি ছোট মেয়ে আছে। তাকে নিয়ে বাঁচতে চাই। আমাদের আত্মীয়স্বজন কেউই মরদেহ নিতে আসেননি। সবাই ভয়ে পালিয়ে আছেন। তাই ৩৬ ঘণ্টা পর আমি নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছি। আমার সঙ্গে কোনো পুরুষ আসেননি। কয়েকজন নারীকে নিয়ে এসেছি।

বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়েছে। ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। এখন শুধু স্বামীর মরদেহটি দাফন করে কবর দিতে চাই। অন্তত শেষবারের মতো তার মুখটা দেখে সম্মানের সঙ্গে দাফন করতে চাই।

মরদেহ নিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে মীম আক্তার বলেন, ‘আমরা ভয়ে ছিলাম। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আর আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করতেন। এ কারণে তারা বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন। এমনকি আমার স্বামীর মরদেহ এই মাটিতে দাফন করতে দেয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল। এসব ভয়ে পরিবারের কেউ আগে মরদেহ নিতে আসার সাহস পাননি। তাই ৩৬ ঘণ্টা পর নিজেই স্বামীর মরদেহ নিতে এসেছি।

মীম আক্তারের সঙ্গে হাসপাতালে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, তাঁরাও আতঙ্ক নিয়ে সেখানে গেছেন। তিনি বলেন, ‘আমরা ভয়ে এসেছি। শুনেছি, মেহেদীর মরদেহ কবর দিতে দেওয়া হবে না। তাই মরদেহ নিয়ে হাসপাতালেই অপেক্ষা করছি। পুলিশ সঙ্গে গেলে আমরা মরদেহ নিয়ে যাব।

মেহেদীকে কীভাবে আটক করা হয়েছিল, সে বিষয়ে ওই নারী বলেন, মেহেদী হাসান পাশের একটি বাড়িতে পালিয়ে গিয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তাকে ধরে এনে মারধর করা হয়। যা হওয়ার, তা তো হয়েই গেছে। দুই পক্ষেরই দুজন মারা গেছেন। এক পক্ষের মরদেহ দাফন করা হয়েছে। আমরা চাই, মেহেদী হাসানের মরদেহটিও যেন সম্মানের সঙ্গে দাফন করতে পারি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মেহেদীর মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাঁর স্ত্রী মরদেহ নিতে হাসপাতালে এসেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

মরদেহ দাফন নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। পরিবার মরদেহ দাফন করতে পারবে। এ ক্ষেত্রে কোনো বাধা নেই।