মাগুরার মহম্মদপুরে অটোরিকশায় যাতায়াতের সময় মায়ের কোল থেকে ৮ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার বিকেলে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে শোক ও উদ্বেগের ছায়া। সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা নন্দিতা চক্রবর্তী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দা সমীর কুমার চক্রবর্তী (কুটে ঠাকুর) শীতের পোশাক কেনার জন্য স্ত্রী নন্দিতা চক্রবর্তীর হাতে কিছু টাকা তুলে দেন। পরে শিশুটিকে কোলে নিয়ে অটোরিকশায় নহাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। পথে বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা আনার জন্য রাজাপুর এলাকার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এ সময় রাজাপুর এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পড়েন নন্দিতা চক্রবর্তী। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাঁকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান, তাঁর কোলে থাকা ৮ মাসের শিশুটি সেখানে নেই। এরপর থেকেই শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা। কীভাবে শিশুটি নিখোঁজ হলো, অচেতন হওয়ার পেছনে কোনো রহস্য রয়েছে কি না এবং শিশুটি কোথায় গেল—এসব প্রশ্ন ঘিরে এলাকায় নানা উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটি নিখোঁজের খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু করা হয়েছে। ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
ওসি আরও জানান, শিশুটির মায়ের পূর্ববর্তী পারিবারিক ও শারীরিক-মানসিক অবস্থার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। প্রায় চার বছর আগে তাঁর আরেকটি সন্তান মারা যাওয়ার ঘটনাও রয়েছে বলে জানা গেছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে শিশুটিকে কেউ অপহরণ করেছে কি না, সেই সম্ভাবনাও সামনে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুন:







