ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আজাহান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭:১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানতে পারে, আখাউড়া থেকে চিনাইর বাইপাস সড়ক হয়ে একটি সবুজ রঙের সিএনজিতে করে মাদক নিয়ে কয়েকজন ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে রাতে সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়া এলাকায় ইছাক হোসাইনের বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন সিএনজিটিকে থামার সংকেত দিলে চালক ইউ-টার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দলের সদস্যরা তাঁকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে সিএনজিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে চারটি এবং পেছনের আসনের নিচে চারটিসহ মোট আটটি বান্ডিল পাওয়া যায়। এসব বান্ডিল নীল পলিথিনে মুড়িয়ে খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। পরে সেখান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আজাহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
এসআরবি-৯ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাঁকে উদ্ধার করা মাদক ও জব্দ করা সিএনজিসহ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:







