মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে একজন আটক, দুজনের বিরুদ্ধে মামলা

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৩:৫৩

শেয়ার

শেরপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে একজন আটক, দুজনের বিরুদ্ধে মামলা
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

‎মঙ্গলবার ভোরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

‎অভিযান চলাকালে মানব পাচারের অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

‎বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ার সঙ্গে মানব পাচার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগে মো. স্বপন ও মো. সুমন নামে আরও দুই ব্যক্তির তথ্য পাওয়া যায়। স্বপন শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের এবং সুমন বৈষ্ঠমপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

‎এদিকে, ঘটনার অধিকতর তদন্ত এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।