মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুরে শুক্রবার সব মার্কেট বন্ধের দাবিতে দোকান শ্রমিকদের মানববন্ধন

আবু জাহের,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৯

শেয়ার

শেরপুরে শুক্রবার সব মার্কেট বন্ধের দাবিতে দোকান শ্রমিকদের মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

বগুড়ার শেরপুরে উপজেলার সকল মার্কেট ও বিপণিবিতান প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দোকান শ্রমিকরা।

মঙ্গলবার সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলা দোকান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. নং-২১৫৯), বগুড়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাসেল হোসেন, সুলতান মাহমুদ, সুমন আহম্মেদ, রেজাউল করিম মুকুল, ফরহাদ হোসেন, শাহ আলমসহ শতাধিক কর্মচারী।

মানববন্ধনে বক্তারা বলেন, দোকান ও মার্কেটে কর্মরত শ্রমিক-কর্মচারীদেরও সাপ্তাহিক ছুটির প্রয়োজন রয়েছে। সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের ব্যস্ততায় তারা পরিবারকে সময় দিতে পারেন না। শ্রমিকদের ন্যায্য অধিকার, বিশ্রাম ও পারিবারিক সময় নিশ্চিত করতে শেরপুর উপজেলার সকল মার্কেট ও বিপণিবিতান প্রতি শুক্রবার বন্ধ রাখার দাবি জানান তারা।

বক্তারা বলেন, শ্রমিকদের স্বার্থ ও মানবিক দিক বিবেচনা করে ব্যবসায়ী মালিকদের এ দাবি মেনে নেওয়া উচিত। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।