মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

নানিয়ারচরে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

কামরুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৩৮

শেয়ার

নানিয়ারচরে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ দিল সেনাবাহিনী
ছবি: বাংলা এডিশন

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সোমবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নানিয়ারচর জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। এ সময় মেজর সাদাত মো. শাহরিয়ার শামীমসহ জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখি পালন পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে স্বল্প পুঁজিতেও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব।তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ সময় তিনি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গবাদিপ্রাণী ও গৃহপালিত পাখির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নানিয়ারচর জোনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।