মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪৮

শেয়ার

মজুরি বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গাজীপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল ১০টা পর্যন্ত অবরোধ চলছিল।

শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল সোমবারও মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাসড়ক দুটির উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও সড়কে নেমেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন বলেন, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্যদের পাঠানো হয়েছে।