আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জের গ্রামগঞ্জে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে হাটবাজার, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডা। কেউ ব্যানার-ফেস্টুন টাঙিয়ে প্রার্থিতার জানান দিচ্ছেন, কেউ ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আবার কেউ ব্যস্ত দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষায়। তবে সব প্রস্তুতির মধ্যেও বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রধান লক্ষ্য এখন দলীয় সমর্থন। অনেকটা চাতক পাখির মতো দলের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৫৮ জন। এসব ইউনিয়নের প্রতিটিতে বিএনপির গড়ে প্রায় সাতজন করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। অথচ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ফলে শেষ পর্যন্ত কে পাবেন দলের সমর্থন, আর কে ছিটকে পড়বেন প্রতিযোগিতা থেকে—এ নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা থাকায় দলটির নেতাকর্মীদের অনেকেই আপাতত নির্বাচনী মাঠে তেমন সরব নন। অন্যদিকে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইউপি নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে চেয়ারম্যান পদে দলটির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় প্রতিটি ইউনিয়নেই তৈরি হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে নানা কৌশল অবলম্বন করছেন। ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় টাঙানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। প্রতিদিনই কেউ না কেউ বের হচ্ছেন গণসংযোগে। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
শুধু ভোটারদের মন জয় করাই নয়, দলীয় সমর্থন পেতেও চলছে নানা তৎপরতা। জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, অতীতের রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের কথা তুলে ধরে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন অনেকে। তাঁদের প্রত্যাশা, প্রার্থী বাছাইয়ের সময় দলের নেতারা রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অবদান ও জনসমর্থনকে গুরুত্ব দেবেন।
সম্ভাব্য কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সবাই দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। তাঁদের ধারণা, বিএনপির সমর্থন পেলে নির্বাচনে জয়ী হওয়ার পথ অনেকটাই সহজ হবে। তবে এক ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় শেষ পর্যন্ত কাকে সমর্থন দেওয়া হবে, তা নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। আর সমর্থনবঞ্চিত হলে অন্য প্রার্থীরা কী সিদ্ধান্ত নেবেন, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এদিকে বিপুলসংখ্যক সম্ভাব্য প্রার্থী থাকায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। একদিকে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, অন্যদিকে জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা—সবকিছু বিবেচনায় নিয়েই প্রার্থী নির্বাচন করতে হবে দলটিকে। এ কারণে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অবস্থান, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা পর্যালোচনা করছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির মুখপাত্র, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, যারা বিএনপির ত্যাগী নেতা, দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, দলের প্রতি অনুগত এবং সাধারণ মানুষের সঙ্গে যাদের যোগাযোগ ও গ্রহণযোগ্যতা বেশি, তাঁদের মধ্য থেকেই যোগ্য প্রার্থীকে সমর্থন দেয়া হবে। নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে একজন করে প্রার্থীকে দলীয় সমর্থন দেয়া হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী, সমর্থনবঞ্চিত অন্য প্রার্থীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে
আরও পড়ুন:







