মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি ও হত্যার হুমকি

নেত্রকোনা প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২২:৩০

শেয়ার

কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি ও হত্যার হুমকি
ছবি সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে অনাগত সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই শিক্ষিকা।

সোমবার (১৬ নভেম্বর) আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

নিবেদিতা দেবের অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন। অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।

নিবেদিতা দেব বলেন, তাঁরা অন্য জায়গায় বৈঠকে বসে তাঁকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কীসের বৈঠক, তা না জানায় তিনি তাঁদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলেন। এরপরই তাঁরা তাঁর ওপর হামলা চালান।

তিনি অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন তাঁকে মারধর করেন। তাঁদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিলেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং তাঁর অনাগত সন্তানের ক্ষতি হলে তাঁরা দায়ী থাকবেন বলে জানানোর পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তাঁকে ও তাঁর সন্তানকে পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষিকা

ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

ঘটনার পর তাঁরা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসেছেন। ইউএনও লিখিত অভিযোগ দিতে বলেছেন। এ কারণে তাঁরা অভিযোগ দিতে এসেছেন।

অভিযোগের বিষয়ে জানতে তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

মারধরের অভিযোগ অস্বীকার বিএনপি নেতার

তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, তাঁরা বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। এ সময় প্রধান শিক্ষিকাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। তিনি গুরুত্ব না দেওয়ায় তাঁরা বিদ্যালয়ে যান।

সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, প্রধান শিক্ষিকা আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করছেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন লোক নিয়ে বিদ্যালয়ে বৈঠক করলে তাঁরা তা মেনে নেবেন না বলে জানান। পরে ওই শিক্ষিকা তাঁদের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ করেছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর তিনি শুনেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।