মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটিতে পদ পেয়েছেন ছয় ছাত্রলীগ কর্মী

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২২:০৫

শেয়ার

পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটিতে পদ পেয়েছেন ছয় ছাত্রলীগ কর্মী
ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্বাধীনতা হল ও জুলাই-৬ হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তবে দুই হল কমিটিতে দায়িত্ব পাওয়া ৬ জন নেতা বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে স্বাধীনতা হল শাখায় আছেন সভাপতির দায়িত্ব পাওয়া সালমান খান নয়ন, সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান, সহ-সভাপতি তুর মুহাম্মদ মুবতাসিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ সরকার এবং ৯ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সজিব। অন্যদিকে জুলাই-৬ হল শাখায় আছেন ১২ নম্বর সহ-সভাপতির দায়িত্ব পাওয়া মো. আব্দুল হাকিম।

খোঁজ নিয়ে জানা যায়, স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়া সালমান খান নয়ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমনের অনুসারী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাঁকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশ নিতে দেখা যায়। এর মধ্যে ২০২৪ সালের ১৫ জুলাই পাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রলীগের সর্বশেষ বিক্ষোভ মিছিলে তাকে উপস্থিত থাকতে দেখা যায়। এর আগে ২০২৪ সালের মে মাসের ২২ তারিখের একটি ছবিতে দেখা যায়, নাইমুর নাহিদ ইমনের অনুসারীদের একটি মেসেঞ্জার গ্রুপে সালমান খান নয়ন সবাইকে মেসেজ দিয়ে গেটে আসার জন্য বলছেন।

অন্যদিকে স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান, সহ-সভাপতি তুর মুহাম্মদ মুবতাসিম এবং জুলাই-৬ হল শাখার ১২ নম্বর সহ-সভাপতি মো. আব্দুল হাকিম নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী ছিলেন বলে জানা যায়। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাদেরকে শেহজাদ হাসানের সাথে দেখা যায়। এ নিয়ে রবিবার ফেসবুকে পোস্টও করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাবিপ্রবি শাখার সভাপতি শেহজাদ হাসান। তিনি লিখেন, "যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই সাবেক ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, সেখানে অধীনস্থ ইউনিটগুলোতে ছাত্রলীগ থাকাটা অবান্তর না।"

এদিকে স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ সরকার এবং ৯ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সজিব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর অনুসারী ছিলেন বলে জানা গেছেন। ৫ আগস্টের পূর্বে তিনি তৎকালীন বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রেইনের রুমে থাকতেন বলে জানা যায়। ২০২৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রে ছাত্রলীগের প্যাডে যে স্বেচ্ছাসেবক তালিকা প্রকাশ করা হয় সেখানে সাইফ সরকারের নাম পাওয়া যায়। অন্যদিকে শহীদুজ্জামান সজিবকে ৫ আগস্টের পূর্বে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে দেখা গিয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয়ে জানার সব অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বাধীনতা হল কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া সালমান খান নয়ন বলেন, ‘বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর কী ধরনের চাপ ছিল, তা সবারই জানা। তেমনই কিছু বাধ্যবাধকতা থেকে অনেক সাধারণ শিক্ষার্থীর মতো আমাকেও তখন বিভিন্ন ব্যানারে দেখা গেছে, যা কোনোভাবেই আমার আদর্শিক অবস্থান ছিল না। তবে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হওয়ার পরপরই আমি সেই বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, 'অতীত রাজনৈতিক কর্মকাণ্ড বা চলাফেরা সম্পর্কে আমরা এমন কোনো তথ্য পাইনি। ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের যেসব অপকর্মের কথা বলা হয়, সেগুলোর সঙ্গে সম্পৃক্ততার কোনো তথ্য বা আলামত আমাদের কাছে নেই।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান সুমিত বলেন, ‘কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা আরও খোঁজখবর নেব। যারা কমিটি দিয়েছে, তারা নিশ্চয়ই যাচাই-বাছাই করেই দিয়েছে।’