চাঁদপুরে তাবলিগ জামাতকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. সেলিম সরকারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়টিও সামনে এসেছে। তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও পদত্যাগের দাবি জানিয়েছেন তাবলিগ জামাতের স্থানীয় মুরুব্বিরা।
সমন্বয় সভায় বক্তব্য নিয়ে বিতর্ক
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ফরিদগঞ্জ মডেল মসজিদে গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. সেলিম সরকার তাবলিগ জামাতকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন উপস্থিত শিক্ষকরা। এ সময় পাঁচজন শিক্ষক তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান।
শিক্ষকদের অভিযোগ, তাৎক্ষণিক প্রতিবাদের পর বিভিন্ন কারণ দেখিয়ে ওই পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষমা চাওয়া ও পদত্যাগের দাবি
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা দাওয়াতে তাবলিগের মুরুব্বি ও তালিমুন্নিসা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকরাম। তাবলিগ জামাতের সিনিয়র সাথী মুফতি আব্দুল্লাহ আল ফয়সলও সংশ্লিষ্ট কর্মকর্তার কথিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা বলেন, তাবলিগ জামাত সম্পর্কে এ ধরনের আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি পদত্যাগের দাবি জানান। দাবি পূরণ না হলে তাবলিগের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ
এদিকে, ঘটনার পর থেকে মো. সেলিম সরকার নিয়মিত কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও রবিবার (১৫ নভেম্বর) চাঁদপুর জেলা কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। রবিবার কার্যালয়ে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা তাঁকে অনুপস্থিত বলে জানান।
বিষয়টি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মো. সেলিম সরকার ছুটি নিয়েছেন কি না, তা তাঁর জানা নেই। তবে এক-দুই দিনের ছুটি নেওয়া গেলেও টানা এক সপ্তাহ কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি স্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি সাংবাদিকদের নজরে আনার জন্য ধন্যবাদও জানান।
অন্যদিকে, বক্তব্য জানতে মো. সেলিম সরকারের ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত উভয় মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। অন্তত পাঁচবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তাবলিগ জামাতকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্য, প্রতিবাদকারী পাঁচ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ এবং কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ঘিরে স্থানীয় ধর্মীয় ও সচেতন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:







