মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে ভারতীয় নববধূ

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:২০

শেয়ার

ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে ভারতীয় নববধূ
ছবি সংগৃহীত

দুবাইয়ে পরিচয়, সেখান থেকে প্রেম। পরে আদালতে বিয়ে করে শুরু করেন দাম্পত্য জীবন। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী। ভিনদেশি এই নববধূকে দেখতে প্রতিদিনই তাঁর বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।

অশ্বিনীর স্বামী মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।

দুবাইয়ে পরিচয়, এরপর প্রেম ও বিয়ে

শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। একই কর্মস্থলে কাজ করতে গিয়ে তাঁদের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।

মাসুদ রানা জানান, পরস্পরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। পরে ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।

স্বামীর পরিবারে আপন হয়ে উঠেছেন অশ্বিনী

অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে ভালোবাসা। দুজনের পছন্দের ভিত্তিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারও এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন।

শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ উল্লেখ করে অশ্বিনী বলেন, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।

মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নিয়েছেন। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা।