মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

খুলনায় সন্ত্রাস-নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

জিসান কবিরাজ, খুলনা প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২১:১৪

শেয়ার

খুলনায় সন্ত্রাস-নাশকতা ঠেকাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
ছবি সংগৃহীত

খুলনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।

সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক নাশকতামূলক ঘটনার পর নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর নগরজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালাচ্ছেন।

নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নজরদারি

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, কয়েক দিন ধরেই মহানগরীতে পুলিশের পৃথক টহল কার্যক্রম চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল পরিচালনা করছেন।

তিনি আরও জানান, নগর ভবনে পেট্রলবোমা হামলার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য খুলনায় আসার কথা রয়েছে। তবে তাঁরা এখনো এসে পৌঁছাননি। খুলনা জেলার নিরাপত্তার ক্ষেত্রেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নগর ভবনে পেট্রলবোমা হামলার পর সতর্কতা

এর আগে রবিবার দিবাগত রাতে খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নগর ভবনের সামনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ ঘটনাকে নগরীর নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এদিকে খুলনায় সাম্প্রতিক সময়ে জুলাই স্মৃতিস্তম্ভেও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

জেলার নয় থানায় চেকপোস্ট, চলছে তল্লাশি

অন্যদিকে খুলনা জেলার নয়টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির পাশাপাশি মাদক কারবার, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ যানবাহন চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া দৌলতপুর এলাকায় অপরাধবিরোধী অভিযান চলাকালে এসআরবি সদস্যদের সঙ্গে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করে যৌথ বাহিনী ও পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ২০০ আনসার সদস্য খুলনায় পৌঁছালে নিরাপত্তা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।