মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

শেরপুরে হোস্টেলে চুরির অভিযোগে গ্রেপ্তার চার, উদ্ধার হয়নি অধিকাংশ মালামাল

‎জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫

শেয়ার

শেরপুরে হোস্টেলে চুরির অভিযোগে গ্রেপ্তার চার, উদ্ধার হয়নি অধিকাংশ মালামাল
ছবি: বাংলা এডিশন

শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারে সংঘটিত চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তবে চুরি হওয়া অধিকাংশ মালামাল এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তারা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

‎গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় এ ঘটনায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলাটি দায়ের করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ভবনটির নিরাপত্তায় কোনো পাহারাদার না থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সিসি ক্যামেরাগুলোও অকার্যকর ছিল। এই সুযোগে বেশ কিছুদিন ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পর্যায়ক্রমে ভবনটি থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

‎গত ১০ নভেম্বর পাশের একটি বাসার আইপিএসের ব্যাটারি চুরির সূত্র ধরে হোস্টেল থেকে মালামাল চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরদিন বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও তাঁর কার্যালয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনের বিভিন্ন কক্ষের তালা ভাঙা দেখতে পান। কক্ষগুলো পরিদর্শন করে মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।

‎এজাহারে উল্লেখ করা হয়, হোস্টেল থেকে ‎৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চির একটি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের তার ও ব্যাটারি, সাবস্টেশনের তার, আইপিএস, মিক্সার মেশিন, ইলেকট্রনিকস অ্যাসেম্বলি ও ইলেকট্রিক্যাল ট্রেড প্রশিক্ষণের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

‎মামলায় শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবনকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার দিনই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করে। তবে বাকি আসামিরা এখনো গ্রেপ্তার হননি। উদ্ধার করা সম্ভব হয়নি চুরি যাওয়া অধিকাংশ মালামাল। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতার চারজনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।