মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৮:২২

আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ ২০:২৯

শেয়ার

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম আইস ও ৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আতিকুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরের চেয়ারম্যান ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফ্ল্যাটের আলমারিতে মাদক মজুত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অধিদপ্তর জানায়, নয়তলা ভবনের অষ্টম তলার ডি-৮ নম্বর ফ্ল্যাটে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় ফ্ল্যাটের পশ্চিম পাশের একটি কক্ষের কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ৫০ গ্রাম করে মোট ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ২০০টি করে মোট ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ থেকে এনে ঢাকায় সরবরাহের অভিযোগ

অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, মতিঝিল সার্কেল দীর্ঘদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি নজরদারিতে রেখেছিল। তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত বলে অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানিয়েছেন, টেকনাফ থেকে ক্রিস্টাল মেথ ও ইয়াবা সংগ্রহ করে ফ্ল্যাটে মজুত রাখতেন। পরে ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে এসব মাদক সরবরাহ করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন।