খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পুলিশ জানায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আফরোজা সুলতানা (১৬) অপহৃত হয়। এ ঘটনায় তার মা আসমা পারভীন ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন।
দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা নগরের গল্লামারি এলাকা থেকে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় রুবেল গাজী ও তার মা আছিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন আদালতে
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য নেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







