বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

শিবগঞ্জ সীমান্তে মোবাইল ও পাথরবোঝাই ভারতীয় ট্রাক জব্দ

জসিম উদ্দিন জোসি,চাঁপাই নবাবগঞ্জ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৪:২১

শেয়ার

শিবগঞ্জ সীমান্তে মোবাইল ও পাথরবোঝাই ভারতীয় ট্রাক জব্দ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন ও পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

রবিবার রাতে দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে ট্রাকের চালক জসিম শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে। এ ছাড়া ৪০ টন পাথরবোঝাই ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে।

বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, আটক মোবাইল ফোন, পাথর ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

আটক ব্যক্তি ও জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।