মঙ্গলবার

১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার পর গণপিটুনিতে যুবলীগকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৭

শেয়ার

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার পর গণপিটুনিতে যুবলীগকর্মী নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে কুপিয়ে হত্যার ঘটনায় মেহেদী হাসান নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান নগরের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। ভোর ৪টার দিকে মেহেদীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামান তার শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বারেরা মজিদ মার্কেটসংলগ্ন রাস্তায় হামলার শিকার হন। এ সময় জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্যরা মিলে মোটরসাইকেলের গতিরোধ করে সুরুজ জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রাতে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন স্থানীয়রা। রাত ১২টার দিকে নগরের দীঘারকান্দা এলাকায় ঢাকা বাইপাস মোড়ে ঢাকা-

ময়মনসিংহ মহাসড়ক মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাত ১টার দিকে মহাসড়ক থেকে সরে যায়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন।

নিহত সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থি একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেস্টা করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।