বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত ভ্যানে আগুন দেয়া এবং সেই নাশকতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
রবিবার উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনের কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।
মামলার এজাহারনামীয় উল্লেখযোগ্য আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত ভ্যানে আগুন দেয়া হয়। একই সঙ্গে নাশকতার ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক দুই সংসদ সদস্যসহ ১০৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলায় সংশ্লিষ্ট ধারা যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







