ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে তাঁর চোখে গুরুতর আঘাত লেগেছে। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেলওয়ে কলোনি-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও সংগঠনের সদস্যদের অভিযোগ, রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি এবং মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন পরিচালনা করায় তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে হামলায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যেভাবে হামলার শিকার হন আরিফ বিল্লাহ
জানা যায়, ১৪ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে স্টেশনের পূর্ব পাশে রেলওয়ে কলোনি-সংলগ্ন এলাকায় পৌঁছালে আড়াল থেকে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে তাঁর চোখে আঘাত লাগে। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।
এ বিষয়ে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, এই লড়াই আমৃত্যু চলবে। আমাদের মেরে ফেলার আগ পর্যন্ত থামব না, ইনশাআল্লাহ।
তদন্ত ও শাস্তির দাবি সংগঠনের
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন। তিনি হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিনি বলেন, হামলা করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও মানবিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। এর আগেও সংগঠনটির একাধিক সদস্য হামলার শিকার হয়েছেন। তবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তাঁরা অবস্থান থেকে সরে আসেননি।
তিনি আরও বলেন, অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠনটির শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি, জেলা সদর হাসপাতালের দালালচক্র নির্মূলসহ বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সংগঠনটির নেতারা।
আরও পড়ুন:







