রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে চার দুর্বৃত্ত। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
চারজনের হামলা, গুলি করে পালিয়ে যায়
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ওই কার্যালয়ে প্রবেশ করে। পরে দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা।
সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হামলার কারণ ও জড়িতদের পরিচয় জানতে কাজ করছে হাতিরঝিল থানা পুলিশ।
ঢামেকে চলছে চিকিৎসা
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন:







