রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

শহীদ হাদি থেকে খালেদা জিয়া; গোপালগঞ্জের রোষাণল থেকে বাদ যায়নি কেউ!

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২০:৪৫

শেয়ার

শহীদ হাদি থেকে খালেদা জিয়া; গোপালগঞ্জের রোষাণল থেকে বাদ যায়নি কেউ!
ছবি সংগৃহীত

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য শোডাউন। কারও হাতে লাঠিসোটা, কারও হাতে দেশীয় অস্ত্র, আবার কারও হাতে লগি-বৈঠা। মিছিল, স্লোগান আর শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

রবিবার (১৫ নভেম্বর) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী ১৯ নভেম্বর দলটির দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে গোপালগঞ্জ জেলা শহরে প্রকাশ্যে মিছিল করে। মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে তারা।

শহরে প্রবেশ ও স্লোগান

রবিবার বেলা ১১টা থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি ও ট্রাকে করে শত শত নেতাকর্মীকে হাতে লগি-বৈঠা নিয়ে জেলা শহরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় নিষিদ্ধ ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে নানা স্লোগানও দেয় সংগঠনটির নেতাকর্মীরা।

শুধু তাই নয়, বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে থাকা কলেজটির ব্যানার খুলে বঙ্গবন্ধু কলেজ নামে একটি ব্যানারও টানিয়ে দেয় তারা।

এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বরের সাইনবোর্ড খুলে সেখানে মুক্তিযুদ্ধ চত্বরের সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় শহীদ উসমান হাদির নামে কোনো চত্বর গোপালগঞ্জে থাকবে না বলেও জানান নিষিদ্ধ সংগঠনটির এক নেতা।

শুধু তাই নয়, গোপালগঞ্জের প্রশাসনকে হুমকি দিতেও দেখা যায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে।

প্রশাসনের বদলি ও প্রতিক্রিয়া

এদিকে, গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলার জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে বলে জানা যায়। দিনভর উত্তেজনা ও অস্থিরতার মধ্যেই প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বদলির খবর নতুন করে আলোচনার জন্ম দেয়।

অপরদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ নিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের ওপর হতাশা প্রকাশের পাশাপাশি মন্ত্রণালয়টির দায়িত্ব নেয়ার আগ্রহের কথাও জানান তিনি।

বিজিবির প্রেস ব্রিফিং

অন্যদিকে, রবিবার বিকেল ৪টায় গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনভর চলা আওয়ামী লীগের অরাজকতা, জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিজিবি মোতায়েনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

গোপালগঞ্জের রাজপথে নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য শক্তি প্রদর্শন, প্রশাসনকে হুমকি আর একের পর এক অস্থিরতামূলক কর্মকাণ্ড—উত্থাপন করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচির আগেই গোপালগঞ্জে যে উত্তেজনার বিস্তার ঘটছে, তা সামাল দিতে প্রশাসন কতটা প্রস্তুত—এখন সেই প্রশ্নই সামনে।