রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩০

শেয়ার

এনআইডি সংশোধনের নামে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন
ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের পাঠানো এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তাদের পরিচয় ও ছবি ব্যবহার

সতর্কবার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে প্রতারক চক্রটি এনআইডি সংশোধন করে দেওয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সময় তারা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।

এতে আরও জানানো হয়, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্র-সংক্রান্ত কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

সেবা পেতে নির্বাচন অফিসে যোগাযোগের পরামর্শ

এনআইডি-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি এ বিষয়ে সহায়তা পেতে ১০৫ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।