রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

আদমদীঘিতে টাকা নেওয়ার পর স্বর্ণালংকার নিতে গিয়ে আটক জীনের বাদশাহ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:২৮

শেয়ার

আদমদীঘিতে টাকা নেওয়ার পর স্বর্ণালংকার নিতে গিয়ে আটক জীনের বাদশাহ
ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে জীনের বাদশাহ পরিচয়ে ধর্মীয় প্রলোভন দেখিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর স্বর্ণালংকার নিতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন মজনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রবিবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মজনু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়ার মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী আজাহার আলী মোল্লা আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাগিচাপাড়ার বাসিন্দা।

উট কোরবানির কথা বলে টাকা আদায়

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মজনু মিয়াসহ অভিযুক্তরা ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রথমে তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে জীনের বাদশাহ পরিচয় দিয়ে আজাহার আলী মোল্লার সঙ্গে কথা বলতে চান। তাঁকে একটি উট কোরবানির জন্য দেড় লাখ টাকা দিতে বলা হয়। বিনিময়ে সাত হাঁড়ি স্বর্ণমুদ্রা দেওয়ার প্রলোভন দেখানো হয়।

সরল বিশ্বাসে তাঁদের কথামতো উপজেলা পরিষদ মসজিদের পেছনে একটি কড়ইগাছের নিচে গিয়ে চাহিদা অনুযায়ী টাকা দেন আজাহার আলী। এ সময় তাঁর স্ত্রীর হাতে কাগজে মোড়ানো একটি পুতুল দেওয়া হয়। উট কোরবানি না হওয়া পর্যন্ত পুতুলটি খুলতে নিষেধ করেন অভিযুক্তরা।

পরদিন প্রতারকরা আরও টাকা দাবি করেন। আজাহার আলী টাকা দিতে না পারায় তাঁকে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে আসতে বলা হয়। সেই অনুযায়ী শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে উপজেলার পুকুরপাড়ের একটি কড়ইগাছের নিচে যান তিনি। সেখানে গহনা রেখে গেলে অভিযুক্তরা তা নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় মজনু মিয়াকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা অন্য অভিযুক্তরা পালিয়ে যান।

মামলায় আরও দুজন অভিযুক্ত

এ ঘটনায় মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়েছে। মামলার অন্য দুই অভিযুক্ত হলেন সাজু মিয়া (৪৫) ও মোস্তফা (২৫)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়া এবং স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মজনু মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।