রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় কোটচাঁদপুরের পাঁচজন আসামি

সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৭:৫৫

শেয়ার

যাত্রাবাড়ীর দুই হত্যা মামলায় কোটচাঁদপুরের পাঁচজন আসামি

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাঁচজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে মামলার আসামি হয়েও তাঁরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

দুই মামলায় পাঁচজনের নাম

অভিযুক্ত পাঁচজন হলেন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের খোরশেদ আলম, তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নী, সফিউদ্দীনের ছেলে উজ্জল হোসেন এবং কাউসার আলীর ছেলে লাভলু রহমান লাবু।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৬ সালের ১৭ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানায় মো. বাবুল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৬২। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই তারিখে যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়, যার নম্বর ৬৮।

দ্বিতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আনিসুল হক, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান ও সালমান এফ রহমানসহ বিভিন্ন পর্যায়ের ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে যেসব অভিযোগ

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার সালেহ আবু নাঈমের প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আসামিদের সম্পৃক্ততার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

আদালতে পাঠানো মামলার নথি অনুযায়ী, খোরশেদ আলমকে ১৬১ নম্বর আসামি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাঁর ছেলে শাহাদত হোসেন ১৬২ নম্বর আসামি। মামলার নথিতে তাঁকে ঝিনাইদহ জেলা যুবলীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

উজ্জল হোসেনকে ১৬৩ নম্বর এবং জান্নাতুল ফেরদৌস তন্নীকে ১৬৪ নম্বর আসামি করা হয়েছে। নথিতে উজ্জলকে জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং তন্নীকে যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাহিত্য সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই গ্রামের লাভলু রহমান লাবু রয়েছেন ২৩৬ নম্বর আসামির তালিকায়।

প্রকাশ্যে চলাফেরার অভিযোগ, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

ঝিনাইদহ জেলা জাসাসের সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির এবং কোটচাঁদপুর এনসিপির নেতা ইসমাইল হোসেন অভিযোগ করেন, মামলার আসামিরা কোটচাঁদপুর এলাকায় অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পাশাপাশি ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এ অবস্থায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা

এদিকে শাহাদত হোসেন ও উজ্জল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান (পুটেপাড়া) গ্রামের নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুন বাদী হয়ে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০০৩ সালের ৯(১), ৭ ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ও ৮(৩) ধারায় মামলাটি করা হয়। এ বিষয়ে সে সময় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারসহ যেকোনো ধরনের আইনি সহায়তা চাইলে থানা-পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।