মাদারীপুরে মাদক মামলায় জামিনে মুক্ত হওয়ার চার দিন পর নিখোঁজ যুবক আশিক খানের (২৪) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দিয়েছে।
রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার একটি ধানক্ষেতের পাশের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক খান ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর একটি মাদক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বাড়ি ফেরেন আশিক। এর পরদিন গত বৃহস্পতিবার সকালে একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে না পেয়ে গত শুক্রবার নিহতের পরিবার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার চার দিন পর রোববার সকালে খালের অপরপাশের পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় নিশ্চিত করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বোন নিপা আক্তার আহাজারি করে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকা দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী কবির মাতুব্বর পলাতক রয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে কবিরের এক আত্মীয় দাবি করেন, ‘এই ঘটনার সঙ্গে কবির বা তার লোকজন কোনোভাবেই জড়িত নন। স্থানীয় রাজনৈতিক কোন্দল ও দলাদলির কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কবিরের নাম জড়ানো হচ্ছে।’
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও (ডিবি) কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন:







