হবিগঞ্জের মাধবপুরে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকে কেন্দ্র করে অর্থ আদায়, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়নে ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার আশ্বাসে নিম্নআয়ের পরিবারের কাছ থেকে ২০০ টাকা করে আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন নারী। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সচ্ছল ও স্বজনদের নিম্নআয়ের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টার অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের জন্য আদাঐর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পান ফারজানা আরা চুমকি চকদার এবং ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব দেয়া হয় ফাহিম মিয়াকে।
অভিযোগ রয়েছে, ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের সময় ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে পরিবারপ্রতি ২০০ টাকা করে আদায় করেন ফারজানা আরা চুমকি চকদার। একাধিক পরিবারের নারী সদস্য তাঁর বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ তুলেছেন।
অন্যদিকে, ২ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের দায়িত্ব পাওয়া ফাহিম মিয়াকে নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেটের ভাতিজা বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তাঁকে তথ্য সংগ্রহের কাজে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া ফাহিম মিয়ার বিরুদ্ধে সচ্ছল ব্যক্তি ও স্বজনদের নিম্নআয়ের পরিবার হিসেবে তালিকাভুক্ত করে ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ফাহিম মিয়ার ভাই ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাইয়ুম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁদের অভিযোগ, নির্বাচনে ভোটের সমর্থন আদায়ের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড দেয়ার আশ্বাস দিয়ে প্রচারণা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে ফারজানা আরা চুমকি চকদার বলেন, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তিনি কারও কাছ থেকে টাকা নেননি। বিষয়টি আরও তদন্ত করে দেখার কথাও জানান তিনি।
এ বিষয়ে ফ্যামিলি কার্ড শুমারি বাছাই কমিটির সভাপতি ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মেহেদী হাসান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি এই সামাজিক সুরক্ষা কর্মসূচি যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হয়ে না ওঠে। অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অবৈধভাবে টাকা আদায়ের সত্যতা পাওয়া গেলে তা ফেরত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের কাছে পৌঁছানো নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। অভিযোগগুলোর তদন্তে কী উঠে আসে এবং প্রকৃত সুবিধাভোগীরা শেষ পর্যন্ত ফ্যামিলি কার্ড পান কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







