রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে ডেকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আরিফুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৫:০৮

শেয়ার

কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে ডেকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

রবিবার কেন্দুয়া থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তরিকুল ইসলাম ।

মামলার আসামিরা হলেন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ, মো. নুরে আলম ও শাহ আলম। তাঁরা পরস্পরের প্রতিবেশী। ঘটনার পর থেকে তিন আসামিই পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শুভ। পরে অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যান।

এজাহারে বলা হয়, শুভর পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে নুরে আলম ও শাহ আলম উপস্থিত হন। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে সরে গেলে নুরে আলম ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এরপর শুভ ফিরে এসে কিশোরীকে ধর্ষণ করেন এবং নিজের মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে নুরে আলমকে নির্দেশ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে শুভর সহযোগিতায় শাহ আলমও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত ১টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে না জানাতে এবং বাড়িতে ফিরে না যেতে কিশোরীকে হুমকি দেন আসামিরা। বাড়িতে ফিরলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ও দেখানো হয়।

ভীতসন্ত্রস্ত কিশোরী প্রথমে গোপালপুর গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করে। সেখানে আশ্রয় না পেয়ে পাশের শিবপুর গ্রামে আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায় সে। শনিবার সকাল সাতটার দিকে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় সে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।