রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

কাপ্তাইয়ে ৪০ ফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১২:০৭

শেয়ার

কাপ্তাইয়ে ৪০ ফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণের চেষ্টা
ছবি: বাংলা এডিশন

পাহাড়ের বুক চিরে মাটি কেটে তৈরি করা হচ্ছে স্থাপনার জায়গা। প্রকৃতির ভারসাম্য ও পরিবেশের ঝুঁকির তোয়াক্কা না করেই চলছে পাহাড় কাটার কাজ। রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি বাজার এলাকায় ব্র্যাক অফিসের পেছনে প্রায় ৪০ ফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের অভিযোগ, ডাকনাম প্রকাশ সাজু নামের এক ব্যক্তির নেতৃত্বে বসতঘর ও মার্কেট নির্মাণের উদ্দেশ্যে কোনো ধরনের অনুমতি ছাড়াই এ পাহাড় কাটা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের একটি অংশ কেটে মাটি সরিয়ে জায়গা তৈরির কাজ করছেন কয়েকজন ব্যক্তি। স্থানীয়দের ভাষ্য, সেখানে স্থাপনা নির্মাণের পরিকল্পনা থেকেই পাহাড় কাটা হচ্ছে। এভাবে পাহাড়ের স্বাভাবিক গঠন পরিবর্তন করা হলে বর্ষা মৌসুমে ভূমিধস, মাটিক্ষয় ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে।পরিবেশসংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিত পাহাড় কাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে না, এটি পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও মানুষের নিরাপত্তার জন্যও হুমকি। বিশেষ করে পাহাড়ি এলাকায় নির্বিচারে মাটি কাটার ফলে বৃষ্টির পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং ভূমিধসের ঝুঁকি বাড়ে।স্থানীয় সচেতন ব্যক্তিদের প্রশ্ন, পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? তাঁদের দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধ, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে অভিযুক্ত প্রকাশ সাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান , অনুমতি ছাড়া পাহাড় কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পাহাড় কাটা পরিবেশ ও জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।স্থানীয়দের প্রত্যাশা, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের এই চেষ্টা দ্রুত বন্ধে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে। অন্যথায় অপরিকল্পিত পাহাড় কাটার কারণে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে।