টানা ১৩ দিনের শ্রমিক অসন্তোষ এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন সাভার, হেমায়েতপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সকাল ৮টা থেকে সাভার, আশুলিয়া এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের পায়ে হেঁটে কিংবা পরিবহনে করে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। তবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্ত অনুযায়ী, চলমান অসন্তোষের কারণে মালিকপক্ষের ঘোষণায় সাভার ও আশুলিয়ার ৪২টি কারখানায় এখনো সাধারণ ছুটি বলবৎ রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ওই কারখানাগুলোও খুলে দেওয়া হবে।
এদিকে সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ থেকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার, আমিনবাজার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
আরও পড়ুন:







