রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব বিএনপি নেতা কবিরের

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব বিএনপি নেতা কবিরের
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার আলোকে উপজেলা পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছেন বিএনপি নেতা কবির আহমেদ ভূঁঞা। জেলার প্রতিটি অঞ্চলে সরকারি সেবা, উন্নয়ন বরাদ্দ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক দীর্ঘ লেখায় তিনি ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা, উপজেলা ও ইউনিয়নভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে নতুন উপজেলা গঠনের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান।

কবির আহমেদ ভূঁঞার মতে, একটি জেলার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রতিটি অঞ্চলের মানুষ সমানভাবে সরকারি সেবা ও উন্নয়নের সুযোগ পান। উন্নয়ন কেবল বড় অবকাঠামো নির্মাণ কিংবা নির্দিষ্ট কিছু এলাকায় সরকারি বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হতে হবে উন্নয়নের মূল লক্ষ্য।

তিনি তার লেখায় উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি রয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করার অন্যতম উপায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এতে সরকারি সেবা গ্রহণে মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

৩৩ লাখ মানুষের জেলায় ৯টি উপজেলা

বিএনপি নেতা কবির আহমেদ ভূঁঞার দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন ১ হাজার ৯২৭ দশমিক ০৯ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী জেলার জনসংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। জেলায় বর্তমানে ৯টি উপজেলা, ১০১টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ১ হাজার ৩২৮টি গ্রাম রয়েছে। জেলাটিতে সংসদীয় আসন রয়েছে ছয়টি।

তার বিশ্লেষণে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জনসংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২১৩ জন এবং ইউনিয়ন ১১টি। নবীনগরে ৫ লাখ ৫৫ হাজার ৮০৭ জন জনসংখ্যার বিপরীতে ইউনিয়ন রয়েছে ২১টি, যা জেলার মধ্যে সর্বাধিক।

এ ছাড়া সরাইলে ৩ লাখ ৬৪ হাজার ৩৫২, কসবায় ৩ লাখ ৫৭ হাজার ৯৫৪, নাসিরনগরে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৭, বাঞ্ছারামপুরে ৩ লাখ ৩৫ হাজার ১০২, বিজয়নগরে ২ লাখ ৯০ হাজার ৪২৪, আশুগঞ্জে ২ লাখ ১০ হাজার ৩৪৭ এবং আখাউড়ায় ১ লাখ ৮৫ হাজার ৮৫১ জন মানুষের বসবাস।

কবির আহমেদ ভূঁঞার মতে, বিভিন্ন উপজেলার জনসংখ্যা, ইউনিয়ন সংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ফলে সব উপজেলায় একই ধরনের প্রশাসনিক কাঠামো দিয়ে জনগণের চাহিদা অনুযায়ী সমান সেবা নিশ্চিত করা কঠিন হতে পারে। এ কারণে বিদ্যমান উপজেলা কাঠামো নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন।

সংসদীয় আসনের সীমানা ঠিক রেখেই প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব

তার প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, জাতীয় সংসদের বিদ্যমান ছয়টি নির্বাচনী এলাকার সীমানা অক্ষুণ্ণ রেখে প্রশাসনিক পুনর্বিন্যাস করা।

বর্তমান কাঠামো অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে রয়েছে নাসিরনগর। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে (সদর ও বিজয়নগর) অবশিষ্ট অংশ। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আখাউড়া ও কসবা। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বাঞ্ছারামপুর উপজেলা।

তিনি মনে করেন, সংসদীয় আসনের সীমানা পরিবর্তন না করেও প্রয়োজন অনুযায়ী উপজেলা পুনর্বিন্যাস ও নতুন উপজেলা গঠনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। এতে রাজনৈতিক প্রতিনিধিত্বের বিদ্যমান কাঠামো অক্ষুণ্ণ রেখেই প্রশাসনিক সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সদর ও নবীনগরকে পুনর্বিন্যাসে সর্বোচ্চ গুরুত্ব

নতুন উপজেলা গঠনের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন কবির আহমেদ ভূঁঞা।

তার প্রস্তাব অনুযায়ী, প্রায় সাড়ে ছয় লাখ মানুষের সদর উপজেলাকে দুটি উপজেলায় পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জনসংখ্যার চাপ, শহর ও গ্রামীণ এলাকার বিস্তৃতি, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবার চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হলে স্থানীয় মানুষের ভোগান্তি কমতে পারে।

অন্যদিকে, নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের প্রশাসনিক সেবা নিশ্চিত করতে উপজেলাটির পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। বিস্তৃত ভৌগোলিক এলাকা, যাতায়াতের দূরত্ব এবং সরকারি সেবা গ্রহণের বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।

সীমান্ত অর্থনীতিতে আখাউড়ার প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর তাগিদ

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গেও বিশেষ গুরুত্ব দিয়েছেন এই বিএনপি নেতা।

তার মতে, আন্তর্জাতিক সীমান্ত, আখাউড়া স্থলবন্দর, রেল যোগাযোগ, ইমিগ্রেশন ও আঞ্চলিক বাণিজ্যের কারণে এ এলাকার কৌশলগত গুরুত্ব অনেক বেশি। আখাউড়ার জনসংখ্যা তুলনামূলক কম হলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় প্রশাসনিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

এ ক্ষেত্রে কসবা ও আখাউড়ার বিদ্যমান উপজেলা কাঠামো অক্ষুণ্ণ রেখে দুই উপজেলার মধ্যে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

নতুন উপজেলা হলে যেসব সুবিধার প্রত্যাশা

কবির আহমেদ ভূঁঞার প্রস্তাব অনুযায়ী, নতুন উপজেলা গঠনের উদ্দেশ্য শুধু প্রশাসনিক ভবন নির্মাণ নয়; বরং একটি পূর্ণাঙ্গ সেবা কাঠামো প্রতিষ্ঠা করা।

এর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি প্রশাসন ও নাগরিক সেবা সম্প্রসারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পদায়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং যুব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

পাশাপাশি গ্রামীণ সড়ক ও সেতু উন্নয়ন, হাটবাজার আধুনিকায়ন, ব্যাংক ও আর্থিক সেবার সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কৃষি ও মৎস্যসম্পদের বাজারজাতকরণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

‘উন্নয়নের অধিকার ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষের’

নিজের লেখার শেষাংশে কবির আহমেদ ভূঁঞা বলেন, একটি জেলার উন্নয়ন শুধু বাজেট, রাস্তাঘাট কিংবা বড় বড় স্থাপনা দিয়ে পরিমাপ করা উচিত নয়। বরং প্রত্যন্ত গ্রামের একজন মানুষ কত সহজে চিকিৎসা পাচ্ছেন, একজন শিক্ষার্থী কতটা শিক্ষার সুযোগ পাচ্ছেন, একজন কৃষক কতটা সরকারি সহায়তা পাচ্ছেন এবং একজন নাগরিক কত সহজে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারছেন, সেটিই হওয়া উচিত উন্নয়নের প্রকৃত মাপকাঠি।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নিজস্ব উন্নয়ন সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক কাঠামো জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে অনেক এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারেন।

তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে ব্রাহ্মণবাড়িয়ার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদীয় এলাকার সীমানা অক্ষুণ্ণ রেখে জনসংখ্যা, ইউনিয়ন সংখ্যা ও ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে উপজেলা পুনর্বিন্যাস এবং নতুন উপজেলা গঠনের সম্ভাবনা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

তার প্রত্যাশা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার এবং সুষম উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব হবে।

তার বক্তব্যের মূল প্রতিপাদ্য উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; উন্নয়নের অধিকার ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষের।