গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে।
মিছিল নিয়ে এসে কার্যালয়ে হামলার অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন দুর্বৃত্তরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দু-তিনজন নেতা-কর্মী আহত হওয়ার দাবি
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে বলেন, খালেক বাজারে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় তাদের দু-তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে কি না, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন:







