হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অংশগ্রহণে আগামীকাল ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মাহফিল আয়োজন বন্ধে একটি গোষ্ঠীর বাধা সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন আয়োজক ও সুন্নি মতাদর্শের অনুসারীরা।
খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আয়োজন
জানা গেছে, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদের ব্যবস্থাপনায় মাহফিলটি আয়োজন করা হয়েছে। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর। এ ছাড়া তাহেরী ওয়ালিউল্লাহ আশেকীসহ বিভিন্ন বিশিষ্ট আলেম-ওলামাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও নিয়ে আলোচনা
আয়োজকদের অভিযোগ, মাহফিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে অনুষ্ঠান ও সংশ্লিষ্ট আলেমদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি মাহফিল বন্ধে বাধা সৃষ্টির চেষ্টাও চলছে বলে তাঁদের দাবি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুন্নি মতাদর্শের অনুসারীরা বলেন, ধর্মীয় মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। তবে কোনো পক্ষের ধর্মীয় অনুষ্ঠান বন্ধে চাপ সৃষ্টি কিংবা ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়।
তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত, মাহফিলস্থলের নিরাপত্তা নিশ্চিত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হবে।
আরও পড়ুন:







