শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের বিপরীতে শূন্য রয়েছে ১০০ টি পদ

সাইফুল ইসলাম ঝিনাইদহ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৭:১১

শেয়ার

ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের বিপরীতে শূন্য রয়েছে ১০০ টি পদ
ছবি: বাংলা এডিশন

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ঝিনাইদহের ছয়টি উপজেলা কৃষি কার্যালয় ও জেলা উপপরিচালকের (ডিডি) কার্যালয়ে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৩২ জন। শূন্য রয়েছে ১০০টি পদ। অর্থাৎ মোট পদের প্রায় ৩০ শতাংশই ফাঁকা। এতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সেবা প্রদান। সবচেয়ে বেশি সংকট রয়েছে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা উপসহকারী কৃষি কর্মকর্তার পদে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, উপসহকারী কৃষি কর্মকর্তার ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে ২০টি, কালীগঞ্জে ১৪টি, কোটচাঁদপুরে একটি, মহেশপুরে ৯টি, শৈলকুপায় ১৯টি এবং হরিণাকুণ্ডুতে আটটি পদ ফাঁকা রয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন চারজন। শূন্য রয়েছে দুটি পদ। এর একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দুজন। শূন্য রয়েছে চারটি পদ। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি পদ ও ক্যাশিয়ারের একটি পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান বলেন, জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরও বাড়বে এবং কৃষকদের আরও দ্রুত ও কার্যকর সেবা দেয়া সম্ভব হবে।