শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

হবিগঞ্জ সীমান্তে বিজিবির চার অভিযান, ৯ লাখ টাকার পণ্য জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৬:০৪

শেয়ার

হবিগঞ্জ সীমান্তে বিজিবির চার অভিযান, ৯ লাখ টাকার পণ্য জব্দ
ছবি সংগৃহীত

হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

দোলনা চা-বাগান থেকে ৯টি গরু জব্দ

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর ভোর আনুমানিক ৩টা ও ৪টার দিকে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল পৃথক দুটি অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোলনা চা-বাগান এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুগুলো চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল।

এ ছাড়া ১৩ নভেম্বর চুনারুঘাট উপজেলার চিমটিবিল ও বাল্লা বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে আরও দুটি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করে।

চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত

বিজিবি জানায়, জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।