ঝিনাইদহের মহেশপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মদ বিশ্বাস হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. জসিম উদ্দীনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার যশোরের চৌগাছা উপজেলার বুরিন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম উদ্দীন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলার ৯ নম্বর যাদবপুর ইউনিয়নের গয়েসপুর থেকে পোড়াদহগামী সড়কে নুর মোহাম্মদ বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। জমি ক্রয়সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে মহেশপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ২৮, তারিখ ১৪ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তি ও মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে প্রধান আসামির অবস্থান শনাক্ত করে মহেশপুর থানা পুলিশ। পরে চৌগাছা থানা পুলিশের সহায়তায় বুরিন্দিয়া এলাকায় রিপন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:



.jpg)



