শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

দাউদকান্দির ভাশখোলায় ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে চলাচল

রোবেল আহমেদ তানভীর, কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮

শেয়ার

দাউদকান্দির ভাশখোলায় ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে চলাচল
ছবি সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাশখোলা এলাকায় একটি জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। পূর্বপাড়া ঈদগাহ থেকে ভাশখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়কের প্রধান সেতুটির মাঝখানের ঢালাই ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশের রেলিংও ভেঙে গেছে। এতে প্রতিদিন চলাচলকারী পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

সেতুর মাঝখানে বড় গর্ত, নেই রেলিং

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেতুটির মাঝখানের ঢালাই ধসে গেছে। সৃষ্ট গর্তের নিচ দিয়ে খালের পানি দেখা যায়। সেতুর দুই পাশের সুরক্ষামূলক রেলিংও ভেঙে গেছে। বর্তমানে সেতুর মাঝখানে একটি বাঁশের লাঠি পুঁতে সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে এতে দুর্ঘটনার ঝুঁকি কমছে না।

ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে শিশুরা

এলাকাবাসীর জন্য সেতুটি গুরুত্বপূর্ণ চলাচলের পথ। বিশেষ করে ভাশখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে যাতায়াত করতে হয়। সামান্য অসাবধানতায় শিশুদের খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুটির এমন বেহাল অবস্থার পরও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ চললেও সেতুটি মেরামত বা পুনর্নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ নেই।

সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের দাবি

যেকোনো বড় দুর্ঘটনা বা প্রাণহানির আগেই সেতুটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভাশখোলার বাসিন্দারা।

এ জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ এবং বিশেষ বরাদ্দ চেয়েছেন তাঁরা।