গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নেন।
শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে বিক্ষোভ
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে শ্রমিকেরা আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি পোশাক কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
আহত শ্রমিকদের একজন মারা গেছেন, শনিবার সকালে কারখানাগুলোতে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন।
নাওজোর মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সকাল সাড়ে ১১টার দিকেও শ্রমিকদের খণ্ড খণ্ড বিক্ষোভ চলছিল। তখনো মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ভোগান্তিতে যাত্রীরা
মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। অনেকে যানবাহন ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
আরও পড়ুন:







